দালালের প্রলোভনে ভালো কাজের আশায় ভারতে গিয়ে আটক হওয়া দিনাজপুরের এক তরুণী ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (৯ জুলাই) সন্ধ্যায় ভারতের পশ্চিমবঙ্গের হরিদাসপুর ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) থেকে তাকে আনুষ্ঠানিকভাবে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
ফেরত আসা তরুণী জারা ইসলাম ওরফে রানি ইসলাম (১৯)। তিনি দিনাজপুর জেলার কোতোয়ালি থানার সায়েদপুর এলাকার আশাদুল রহমানের মেয়ে।
হরিদাসপুর-বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্টের শূন্যরেখায় অনুষ্ঠিত হস্তান্তর কার্যক্রমে ভারত ও বাংলাদেশের ইমিগ্রেশন পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী বিজিবি, বিএসএফ এবং একটি বেসরকারি উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের হস্তান্তরপত্রে উল্লেখ করা হয়, বাংলাদেশ উপ-হাইকমিশন, কলকাতা থেকে ১০ জুন ২০২৬ তারিখে ইস্যুকৃত ট্রাভেল পারমিট এবং ভারতের ফরেনার্স রিজিওনাল রেজিস্ট্রেশন অফিস (এফআরআরও), হায়দ্রাবাদ থেকে ২ জুলাই ২০২৬ তারিখে ইস্যুকৃত এক্সিট পারমিটের ভিত্তিতে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।
বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাইফুর রহমান জানান, প্রয়োজনীয় ইমিগ্রেশন কার্যক্রম শেষে তরুণীকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে।
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফ হোসেন বলেন, থানার আনুষ্ঠানিকতা সম্পন্ন হওয়ার পর যশোরের বেসরকারি উন্নয়ন সংস্থা জাস্টিস অ্যান্ড কেয়ার-এর প্রতিনিধিদের কাছে তরুণীকে হস্তান্তর করা হবে। পরে সংস্থাটি তাকে নিরাপদে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে।
যশোর জাস্টিস অ্যান্ড কেয়ার-এর ভলান্টিয়ার শফিকুল ইসলাম জানান, ২০২৪ সালে দালালের প্রলোভনে ভালো চাকরির আশায় ওই তরুণী ভারতে যান। সেখানে অবৈধভাবে প্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশের হাতে আটক হন। পরবর্তীতে সাজাভোগ শেষে ট্রাভেল পারমিটের মাধ্যমে তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে।




















