যশোরের ঝিকরগাছা উপজেলার বেনেয়ালী গ্রামে ফুটবল খেলা দেখাকে কেন্দ্র করে এক কিশোরকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে আঘাতের অভিযোগ উঠেছে। আহত তানভীরকে প্রথমে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। এ ঘটনায় আহতের বাবা শওকত আলী ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার রাতে বেনেয়ালী বাজারে আর্জেন্টিনার ফুটবল খেলা দেখতে যান তানভীর। খেলা চলাকালে তার কাছে থাকা একটি বাঁশি একই গ্রামের হাসান আলী (১৯) চাইলে তানভীর তা দিতে অস্বীকৃতি জানান। এ নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। পরে হাসান আলী তানভীরকে বিভিন্নভাবে হুমকি ও কটূক্তি করেন বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগে আরও বলা হয়, মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে তানভীর বেনেয়ালী বাজারে যাওয়ার পথে অভিযুক্ত হাসান আলী তার বাড়ির সামনে থেকে পেছন দিক থেকে এসে অতর্কিতভাবে মারধর শুরু করেন। একপর্যায়ে তানভীর মাটিতে পড়ে গেলে তাকে ধারালো বার্মিজ চাকু দিয়ে বুকে আঘাত করার চেষ্টা করা হয়। আত্মরক্ষার জন্য হাত দিয়ে আঘাত ঠেকাতে গেলে চাকুর কোপ তার বাম কান ও মাথার পাশে লাগে। এতে তিনি রক্তাক্ত জখম হন। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাতপ্রাপ্ত হন।
স্থানীয় কয়েকজন এগিয়ে এসে তানভীরকে উদ্ধার করলে অভিযুক্ত ঘটনাস্থল ত্যাগ করেন। যাওয়ার আগে তিনি ভুক্তভোগীকে প্রাণনাশের হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।
পরে স্থানীয়দের সহায়তায় আহত তানভীরকে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য যশোর জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
এ ঘটনায় আহতের বাবা শওকত আলী ঝিকরগাছা থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। অভিযোগের বিষয়ে পুলিশ তদন্ত করছে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত অভিযুক্তের বক্তব্য পাওয়া যায়নি। পুলিশের পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।




















