বেনাপোল প্রতিনিধি:
দীর্ঘদিনের প্রত্যাশার পর বেনাপোলবাসীর আধুনিক হাসপাতালের স্বপ্ন বাস্তবায়নের পথে গুরুত্বপূর্ণ অগ্রগতি হতে যাচ্ছে। আগামী ৪ জুলাই স্বাস্থ্য উপদেষ্টা সাখাওয়াত হোসেন বেনাপোল সফরে এসে হাসপাতাল স্থাপনের সম্ভাব্য স্থান ও সংশ্লিষ্ট বিষয় পরিদর্শন করবেন। এ সফরকে ঘিরে সীমান্ত জনপদের মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, স্বাস্থ্য উপদেষ্টার এই সফরের মাধ্যমে হাসপাতাল প্রতিষ্ঠার কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা করা হবে। একই সঙ্গে প্রয়োজনীয় অবকাঠামো, জমি ও স্বাস্থ্যসেবা সম্প্রসারণের বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময়ের সম্ভাবনাও রয়েছে।
স্থানীয়রা জানান, বেনাপোল দেশের অন্যতম গুরুত্বপূর্ণ স্থলবন্দর হওয়া সত্ত্বেও দীর্ঘদিন ধরে এখানে একটি আধুনিক হাসপাতালের অভাব রয়েছে। সীমান্ত এলাকার কয়েক লাখ মানুষকে চিকিৎসার জন্য যশোর বা অন্য জেলায় যেতে হয়, ফলে জরুরি চিকিৎসাসেবা পেতে নানা ভোগান্তির মুখোমুখি হতে হয়।
এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতার জন্য স্থানীয় নেতারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব অনিন্দ্য ইসলাম অমিতের সার্বিক সহযোগিতা ও বিষয়টি নিয়মিত তদারকির কথাও উল্লেখ করেছেন।
এছাড়া স্থানীয় রাজনৈতিক নেতা আলহাজ্ব নুরুজ্জামান লিটনের দীর্ঘদিনের প্রতিশ্রুতির কথাও স্মরণ করেছেন এলাকাবাসী। তারা জানান, তিনি বারবার বলেছেন—তিনি সংসদ সদস্য হন বা না হন, বেনাপোলে একটি আধুনিক হাসপাতাল প্রতিষ্ঠার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। স্বাস্থ্য উপদেষ্টার এই সফর সেই প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
বেনাপোলবাসীর প্রত্যাশা, স্বাস্থ্য উপদেষ্টার এই সফরের মাধ্যমে হাসপাতাল প্রতিষ্ঠার প্রক্রিয়া আরও গতিশীল হবে এবং সীমান্ত অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বাস্থ্যসেবা সংকটের স্থায়ী সমাধানের পথ সুগম হবে।
সীমান্ত এলাকার সর্বস্তরের মানুষের বিশ্বাস, দ্রুত সময়ের মধ্যে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি হাসপাতাল নির্মিত হলে বেনাপোলসহ আশপাশের কয়েক লাখ মানুষ উন্নত ও সহজলভ্য চিকিৎসাসেবা পাবেন, যা এ অঞ্চলের স্বাস্থ্যখাতে নতুন দিগন্তের সূচনা করবে।




















