বেনাপোল প্রতিনিধি:
যশোরের বেনাপোল সীমান্তে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ লাখ ৫৫ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।
বুধবার (২৪ জুন) দিনব্যাপী যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন হিজলী ও বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপিসহ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সীমান্ত দিয়ে অবৈধভাবে আনা বিভিন্ন পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৬০ বোতল ভারতীয় এসকাফ (ESCUF) সিরাপ, ৯টি শাড়ি, ৭৭১টি চুলের খোঁপা, ২ প্যাকেট ফুসকা, ২ প্যাকেট আগরবাতি, ৩৬০টি চকলেট, ৯৩৬টি বিভিন্ন ধরনের ওষুধ এবং ১৩৩টি কসমেটিকস সামগ্রী।
বিজিবি আরও জানায়, জব্দকৃত এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ৫৪ হাজার ৯৫০ টাকা। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে জব্দকৃত মালামাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে। নিয়মিত টহল ও বিশেষ অভিযানের মাধ্যমে অবৈধ পণ্য পাচার রোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, দেশের সীমান্ত সুরক্ষা, মাদক নিয়ন্ত্রণ এবং চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। সীমান্ত এলাকায় যে কোনো ধরনের অবৈধ কর্মকাণ্ড কঠোরভাবে দমন করা হবে।




















