সারাদেশের সঙ্গে আগামী ২৮ জুন অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে যশোর জেলায় ৩ লাখ ৫৪ হাজার ২৬৪ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এ উপলক্ষে বুধবার (২৪ জুন) দুপুরে যশোর সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে সাংবাদিক অবহিতকরণ ও সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে যশোরের সিভিল সার্জন ডা. মাসুদ রানা জানান, আগামী ২৮ জুন সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জেলার সব উপজেলায় একযোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন পরিচালিত হবে।
তিনি বলেন, ক্যাম্পেইনের আওতায় ৬ থেকে ১১ মাস বয়সী ৪৪ হাজার ৬১২ শিশুকে নীল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৩ লাখ ৯ হাজার ৬৫২ শিশুকে লাল রঙের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। সবমিলিয়ে জেলার ৩ লাখ ৫৪ হাজার ২৬৪ শিশুকে এ কর্মসূচির আওতায় আনার পরিকল্পনা নেওয়া হয়েছে।
সিভিল সার্জন আরও জানান, জেলার আটটি উপজেলায় মোট ২ হাজার ৩০১টি কেন্দ্রে এ ক্যাম্পেইন পরিচালিত হবে। শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর কাজে সরকারি ও বেসরকারি পর্যায়ের মোট ৫ হাজার ২১৭ জন কর্মী দায়িত্ব পালন করবেন।
তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, নির্ধারিত দিনে নিকটস্থ কেন্দ্রে নিয়ে গিয়ে ৬ থেকে ৫৯ মাস বয়সী সব শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর মাধ্যমে এই কর্মসূচিকে সফল করতে হবে। ভিটামিন ‘এ’ শিশুর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি, অপুষ্টিজনিত সমস্যা হ্রাস এবং দৃষ্টিশক্তি সুরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জাহিদ হাসান টুকুন, মো. দিলদার হোসেন, ডা. মো. নাজমুস সাদিক এবং ডা. মৌসুমী বিনতে মানিকসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা।




















