নিজস্ব প্রতিবেদক:
যশোরের বেনাপোল থেকে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে প্রায় ২ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা মূল্যের ভারতীয় ধুতি ও উত্তরীয় জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় অনিরুদ্ধ দাস অনি (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
আটক অনিরুদ্ধ দাস অনি ঢাকার ধানমন্ডি থানার জিগাতলা পোস্ট অফিস রোড স্টাফ কোয়ার্টার এলাকার বাসিন্দা এবং অমল কৃষ্ণ দাসের ছেলে।
বিজিবির যশোর ৩৯ ব্যাটালিয়নের হাবিলদার মনিরুজ্জামান কোতোয়ালি থানায় দায়ের করা এজাহারে জানান, সোমবার (২২ জুন) সন্ধ্যা ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, বেনাপোল থেকে ঢাকাগামী গ্রিন লাইন পরিবহনের একটি বাসে (ঢাকা মেট্রো-ব-১৪-১১৬৯) শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় পণ্য পরিবহন করা হচ্ছে।
খবর পেয়ে বিজিবির একটি দল বাসটিকে তল্লাশি করে। এ সময় বাসের বক্সে রাখা একটি সাদা রঙের বস্তা থেকে ৬৪টি ভারতীয় ধুতি ও ৯টি উত্তরীয় উদ্ধার করা হয়। মালামালের মালিকানা সম্পর্কে জানতে চাইলে অনিরুদ্ধ দাস অনি বাস থেকে নেমে এসে পণ্যগুলোর মালিকানা দাবি করেন। তবে তিনি পণ্যগুলোর বৈধ কোনো কাগজপত্র দেখাতে পারেননি।
পরে শুল্ক ফাঁকি দিয়ে ভারতীয় পণ্য বহনের অভিযোগে তাকে আটক করা হয়। জব্দকৃত ধুতি ও উত্তরীয়ের আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৬৮ হাজার ৫০০ টাকা।
এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। আটক ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।




















