কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের কথিত নাশকতার পরিকল্পনা, অপপ্রচার ও শিষ্টাচারবহির্ভূত রাজনীতির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে যশোর জেলা যুবদল।
সোমবার (২২ জুন) দুপুর ১২টায় যশোর জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের চিত্রা মোড়, দড়াটানা মোড়, গরীব শাহ সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় দলীয় কার্যালয়ের সামনে এসে শেষ হয়।
মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে যশোর জেলা যুবদলের আহ্বায়ক এম তমাল আহমেদ বলেন, “নৈরাজ্য ও অস্থিতিশীলতা সৃষ্টির যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে যুবদল রাজপথে সোচ্চার রয়েছে। যেখানে আওয়ামী লীগ ও তাদের সহযোগীরা নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করবে, সেখানেই যুবদল তা মোকাবিলা করবে।”
তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে নতুন গণতান্ত্রিক বাংলাদেশের যাত্রা শুরু হয়েছে। প্রতিহিংসা ও সংঘাতের রাজনীতির পরিবর্তে জনকল্যাণমুখী, সুষ্ঠু ও পরিশীলিত রাজনৈতিক সংস্কৃতি প্রতিষ্ঠার উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু একটি মহল সেই ধারাকে বাধাগ্রস্ত করতে অপতৎপরতা চালাচ্ছে। রাজনীতির নামে কেউ অপকর্ম ও বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে যুবদল তার সমুচিত জবাব দিতে প্রস্তুত রয়েছে।”
এ সময় মিছিলে উপস্থিত ছিলেন জেলা যুবদলের সদস্য সচিব আনসারুল হক রানা, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশরাফুল কবির সুমন, যুগ্ম আহ্বায়ক কবির হোসেন বাবু ও নাজমুল হোসেন বাবুল, যশোর নগর যুবদলের সদস্য সচিব শেখ রবিউল ইসলাম রবি, সদর উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তানভীর রায়হান তুহিন, আবুল কালাম আজাদসহ জেলা ও উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
বক্তারা বলেন, অপপ্রচার ও কুরুচিপূর্ণ রাজনীতির বিরুদ্ধে যুবদল ঐক্যবদ্ধ রয়েছে এবং গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক শিষ্টাচার রক্ষায় দলীয় নেতাকর্মীরা সবসময় সক্রিয় থাকবে।




















