যশোরের বেনাপোল সীমান্তে চোরাচালানবিরোধী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি, কসমেটিকস ও বিভিন্ন খাদ্যপণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের আনুমানিক বাজারমূল্য ৯ লাখ ৭০ হাজার ৮০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
রোববার (২১ জুন) দিনব্যাপী বেনাপোল বিওপি ও বেনাপোল আইসিপি এলাকার সীমান্তবর্তী বিভিন্ন স্থানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিপুল পরিমাণ অবৈধভাবে আনা ভারতীয় পণ্য জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে ৬৭টি ভারতীয় শাড়ি, ২টি কম্বল, ১১৪ কেজি ফুসকা, ৪ দশমিক ৫ কেজি জিরা, ১০৮টি বিভিন্ন খাদ্যসামগ্রী, ৩ দশমিক ৫ কেজি কিসমিস, ৫ কেজি চা-পাতা, ২৪ প্যাকেট পাতার বিড়ি, ১ প্যাকেট সোন পাপড়ি, ১ হাজার ৫০০টি চকলেট এবং ৭৩৮টি বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী।
বিজিবি জানায়, সীমান্ত দিয়ে অবৈধভাবে এসব পণ্য বাংলাদেশে প্রবেশের চেষ্টা করা হচ্ছিল। তবে বিশেষ নজরদারি ও গোয়েন্দা তৎপরতার মাধ্যমে চোরাচালানকারীদের পরিকল্পনা ভেস্তে দিয়ে পণ্যগুলো জব্দ করা সম্ভব হয়েছে। তবে অভিযানের সময় কাউকে আটক করা যায়নি।
যশোর-৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা জোরদার করা হয়েছে এবং নিয়মিতভাবে বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।
তিনি বলেন, “বিশেষ পরিকল্পনার আওতায় পরিচালিত অভিযানে নিয়মিতভাবে বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য ও মাদকদ্রব্য জব্দ করা হচ্ছে। সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
সীমান্তে চোরাচালান নিয়ন্ত্রণে বিজিবির কঠোর অবস্থান ও ধারাবাহিক অভিযানের ফলে অবৈধ পণ্য প্রবেশ রোধে ইতিবাচক প্রভাব পড়ছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।




















