যশোরে শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে বখাটেদের আড্ডা, ইভটিজিং ও ছাত্রীদের উত্যক্তের ঘটনা প্রতিরোধে মাঠে নেমেছে জেলা পুলিশ। যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামের নির্দেশনায় এ বিষয়ে কঠোর অবস্থান নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে বৃহস্পতিবার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ বিশেষ অভিযান চালিয়ে শহরের সরকারি উচ্চ বালিকা বিদ্যালয় (মোমিন গার্লস স্কুল) সংলগ্ন এলাকা থেকে ৯ জন স্কুলছাত্রকে আটক করে।
পরে তাদের পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে যাওয়া হলে পুলিশ সুপার নিজে তাদের সতর্ক করেন এবং ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার বিষয়ে কঠোর বার্তা দেন। পরবর্তীতে আটক শিক্ষার্থীদের অভিভাবকদের ডেকে এনে মুচলেকা নেওয়া হয় এবং তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
জেলা পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে স্কুল ছুটির সময় কিছু যুবক ও ছাত্র মোমিন গার্লস স্কুলের সামনে জটলা করে অবস্থান করছিল। এতে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে উদ্বেগ ও নিরাপত্তাহীনতার অনুভূতি তৈরি হয়। বিষয়টি পুলিশ সুপারের নজরে এলে তাৎক্ষণিকভাবে অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়।
এ বিষয়ে যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, “মেয়েদের স্কুল ও কলেজের সামনে বখাটেদের আনাগোনা, আড্ডাবাজি কিংবা ছাত্রীদের উত্যক্ত করার মতো ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া হবে না। শিক্ষা প্রতিষ্ঠান চলাকালীন সময়ে প্রতিটি স্কুল-কলেজের আশপাশে পুলিশকে বিশেষ নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।”
তিনি আরও বলেন, “যারা শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে অযথা আড্ডা দিয়ে শিক্ষার পরিবেশ নষ্ট করবে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে। নিরাপদ শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে জেলা পুলিশ বদ্ধপরিকর।”
পুলিশ সুপার শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের সচেতন থাকার আহ্বান জানিয়ে বলেন, কোনো ধরনের উত্যক্ত, আড্ডাবাজি কিংবা সন্দেহজনক কর্মকাণ্ড চোখে পড়লে দ্রুত পুলিশকে অবহিত করতে হবে। শিক্ষাপ্রতিষ্ঠানকেন্দ্রিক নিরাপত্তা জোরদার এবং ইভটিজিং প্রতিরোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলেও জানান তিনি।




















