যশোর সদর উপজেলার চূড়ামনকাঠি গ্রামের মেহেরুল্লাহ নগর রেলস্টেশনের কাছে ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর মৃত্যু হয়েছে। বুধবার (১৭ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহত নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। তার বয়স ও পরিচয় সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ওই নারী অসাবধানতাবশত রেললাইন দিয়ে হেঁটে যাওয়ার সময় রাজশাহী থেকে ছেড়ে আসা খুলনাগামী মহানন্দা লোকাল ট্রেনের নিচে কাটা পড়ে ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে যশোর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। এ সময় স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে নিহত নারীর পরিচয় শনাক্তের চেষ্টা করা হয় এবং তার আঙুলের ছাপ সংগ্রহ করা হয়।
পরবর্তীতে বিষয়টি যশোর পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)-কে জানানো হলে তাদের একটি দল ঘটনাস্থলে গিয়ে বায়োমেট্রিক পদ্ধতিতে আঙুলের ছাপ সংগ্রহ করে। তবে তাতেও ওই নারীর পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
মৃত্যুর সুনির্দিষ্ট কারণ নির্ণয় এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্নের জন্য মরদেহ যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
রেলওয়ে পুলিশ জানিয়েছে, নিহত নারীর পরিচয় শনাক্তে তাদের তৎপরতা অব্যাহত রয়েছে। পরিচয় নিশ্চিত হলে পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
বিডি প্রতিদিন/এআরএ




















