মিয়ানমার সীমান্তের নিরাপত্তা জোরদার, সীমান্ত হত্যা, অনুপ্রবেশ, মাদক, অস্ত্র ও গোলাবারুদসহ আন্তঃসীমান্ত বিভিন্ন অপরাধ দমনে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। একই সঙ্গে ভারত সীমান্তের স্পর্শকাতর এলাকাগুলোতেও পর্যায়ক্রমে কাঁটাতারের বেড়া নির্মাণের পরিকল্পনা বিবেচনাধীন রয়েছে।
বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ (বীর বিক্রম)-এর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সীমান্ত এলাকায় নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মাদক, অস্ত্র-গোলাবারুদ ও অন্যান্য আন্তঃসীমান্ত অপরাধ দমনে মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া ভারত সীমান্তের ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর এলাকাগুলোতেও একই ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের বিষয়টি বিবেচনা করা হচ্ছে।
এদিকে সিলেট-৩ আসনের সংসদ সদস্য মোহাম্মদ আবদুল মালিকের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ভারতের পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের পর থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর ৩৬টি পুশইন প্রচেষ্টা সফলভাবে প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
তিনি আরও জানান, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে এখন পর্যন্ত বিএসএফ কর্তৃক বাংলাদেশে পুশইন করা মোট ২ হাজার ৩৬৯ জনের মধ্যে ২ হাজার ১৭৫ জনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়া ১১ জনকে বিএসএফের কাছে ফেরত দেওয়া হয়েছে এবং ১৮৩ জনকে পুশব্যাক করা হয়েছে।
সীমান্ত হত্যা, পুশইন, মাদক পাচার ও চোরাচালান নিয়ন্ত্রণে বিজিবির বিভিন্ন পদক্ষেপের কথাও তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, সীমান্তবর্তী এলাকায় স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের সমন্বয়ে ‘বর্ডার কমিউনিটি ওয়াচ গ্রুপ’ গঠন করা হয়েছে। পাশাপাশি মাইকিংয়ের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি করা হচ্ছে। অপরাধে জড়িতদের গ্রেফতার করে মামলা দায়েরের মাধ্যমে পুলিশের কাছে হস্তান্তর করা হচ্ছে।




















