যশোর প্রতিনিধি:
যশোরের শার্শা উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও আইনজীবী অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টুসহ একটি মামলার ৬ আসামিকে জামিন দিয়েছেন আদালত। বুধবার দুপুরে যশোরের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (শার্শা আমলী আদালত) আছাদুল ইসলাম উভয় পক্ষের শুনানি শেষে তাদের জামিন মঞ্জুর করেন।
আদালত ও মামলা-সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ২৯ মে বিকেলে শার্শা উপজেলার শ্যামলাগাছি গেট এলাকার একটি চায়ের দোকানের সামনে পুলিশ সদস্য মামুন হাসান জুয়েলের সঙ্গে টিটোন ও পিন্টু নামে দুই যুবকের কথা কাটাকাটি ও মারামারির ঘটনা ঘটে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, ঘটনার খবর পেয়ে অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষের মধ্যে সমঝোতার উদ্যোগ নেন। পরে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হয়েছে বলেও দাবি করেন স্থানীয়রা।
ঘটনার পর প্রথমে একজন ব্যক্তি শার্শা থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরবর্তীতে গত ৪ জুন রাতে এ ঘটনায় পৃথক একটি মামলা দায়ের করা হয়। মামলায় অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টুসহ ৬ জনকে আসামি করা হয়।
বুধবার আদালতে আসামিপক্ষের আইনজীবীরা মামলার বিভিন্ন দিক তুলে ধরার পাশাপাশি সাক্ষীদের হলফনামা উপস্থাপন করেন। আদালতে দাখিল করা হলফনামায় দুই সাক্ষী উল্লেখ করেন, ঘটনার সময় অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টু ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না এবং তারাও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না।
পরে উভয় পক্ষের শুনানি শেষে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট (শার্শা আমলী আদালত) আছাদুল ইসলাম অ্যাডভোকেট মোস্তফা কামাল মিন্টুসহ মামলার অপর পাঁচ আসামির জামিন মঞ্জুর করেন।
মামলাটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও আইনজীবী মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।




















