যশোর প্রতিনিধি:
যশোর শহরের শংকরপুর এলাকার আলোচিত মশিউলের বাড়িতে অভিযান চালিয়ে মাটি খুঁড়ে একটি কলসের ভেতর থেকে ১৩১ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক উইনকোরেক্স উদ্ধার করেছে র্যাব-৬, যশোর। এ সময় মশিউলকে আটক করা হয়েছে। মঙ্গলবার রাত ১১টার পর পরিচালিত এ অভিযানের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
র্যাব সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে খবর পাওয়া যায়, শংকরপুর এলাকার ছোটনের মোড়সংলগ্ন একটি বাড়িতে বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য মজুদ রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে র্যাব-৬-এর একটি দল সেখানে অভিযান চালায়।
অভিযানকালে বাড়ির পাশের মাটি খুঁড়ে একটি কলস উদ্ধার করা হয়। পরে ওই কলসের ভেতর বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ১৩১ বোতল ভারতীয় নিষিদ্ধ মাদক উইনকোরেক্স পাওয়া যায়। এ সময় মশিউলকে আটক করা হয়।
র্যাব-৬-এর কোম্পানি কমান্ডার ফজলে রাব্বি প্রিন্স জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মাদক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে।
স্থানীয় সূত্রে জানা যায়, আটক মশিউলের বিরুদ্ধে পূর্বেও একাধিক মাদক মামলা রয়েছে। তিনি যশোরের শংকরপুর এলাকার আলোচিত দুই ভাই হাসান ও মিজানের ছোট ভাই বলেও জানা গেছে।
র্যাব জানিয়েছে, উদ্ধারকৃত মাদক জব্দ করা হয়েছে এবং আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।



















