যশোর শহরের পুলেরহাট এলাকায় মোবাইল ফোন কেনার কথা বলে এক যুবককে ডেকে এনে চাকুর মুখে জিম্মি করে আইফোন ১৭ প্রো মডেলের মোবাইল ফোন ছিনতাই এবং ২ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে কথিত ‘তান বাহিনী’র প্রধান তানভির রহমান তানসহ চারজনের বিরুদ্ধে কোতোয়ালি মডেল থানায় মামলা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে তাসনিম আহমেদ স্বপ্ন নামে এক যুবককে আটক করেছে পুলিশ।
আটক তাসনিম আহমেদ স্বপ্ন যশোর সদর উপজেলার রুদ্রপুর গ্রামের বাসিন্দা। মামলার অন্য আসামিরা হলেন তানভির রহমান তান, আনোয়ার হোসেন মিলন ও সামিউল ইসলাম। এছাড়া অজ্ঞাতনামা আরও দুই থেকে তিনজনকে আসামি করা হয়েছে।
মামলার বাদী মণিরামপুর উপজেলার কুয়াদা বাজারের মোল্লাডাঙ্গা গ্রামের মহিবুর রহমানের ছেলে ও শিক্ষার্থী আবিদুর রহমান মুন। এজাহারে তিনি উল্লেখ করেন, সম্প্রতি নিজের ব্যবহৃত মোবাইল ফোনটি বিক্রির জন্য ফেসবুকে বিজ্ঞাপন দেন। বিজ্ঞাপন দেখে তাসনিম আহমেদ স্বপ্ন তার সঙ্গে যোগাযোগ করে মোবাইলটি কেনার আগ্রহ প্রকাশ করেন এবং তাকে পুলেরহাট এলাকায় আসতে বলেন।
গত ২৬ মে দুপুর ৩টার দিকে আবিদুর রহমান মুন পুলেরহাট স্কাউট অফিসের সামনে পৌঁছালে স্বপ্ন অন্য আসামিদের সেখানে ডেকে আনেন। অভিযোগ অনুযায়ী, তারা সংঘবদ্ধভাবে তাকে ঘিরে ধরে মারধর শুরু করেন। একপর্যায়ে চাকু ঠেকিয়ে তার কাছ থেকে আইফোন ১৭ প্রো মডেলের মোবাইল ফোনটি ছিনিয়ে নেন এবং আরও ২ লাখ টাকা চাঁদা দাবি করেন।
এ সময় ভুক্তভোগীর চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ভয়ভীতি প্রদর্শন করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পরে তিনি বিষয়টি কোতোয়ালি থানা পুলিশকে অবহিত করেন।
পুলিশ জানায়, অভিযোগের তদন্তে ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ার পর সোমবার মধ্যরাতে এ ঘটনায় মামলা দায়ের করা হয়। একই রাতে যশোর সদর উপজেলার বাগেরহাট গ্রামে অভিযান চালিয়ে তাসনিম আহমেদ স্বপ্নকে আটক করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা কোতোয়ালি মডেল থানার এসআই আল আমিন হোসেন জানান, মঙ্গলবার দুপুরে আটক স্বপ্নকে আদালতে সোপর্দ করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।



















