দেশের বৃহত্তম শরিয়াহভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পরিচালনা পর্ষদ বাতিল করেছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ব্যাংকটির চেয়ারম্যানসহ সব পরিচালকের নিয়োগও বাতিল করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ব্যাংকটির পরিচালনাসংক্রান্ত সব ক্ষমতা ও দায়িত্ব পালন করবেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেন।
রবিবার বাংলাদেশ ব্যাংক প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারা এবং ৪৭(৩) ধারার আওতায় প্রদত্ত ক্ষমতা প্রয়োগ করে ইসলামী ব্যাংকের বর্তমান পরিচালনা পর্ষদ বিলুপ্ত করা হয়েছে। ব্যাংকের স্বার্থ, আমানতকারীদের সুরক্ষা এবং বৃহত্তর জনস্বার্থ বিবেচনায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে উল্লেখ করা হয়েছে।
একইসঙ্গে আইন অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনকে ব্যাংকটির পরিচালনা পর্ষদের সব ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের দায়িত্ব অর্পণ করা হয়েছে। নতুন নির্দেশনা না আসা পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।
সংশ্লিষ্ট মহলের মতে, এ সিদ্ধান্তের মাধ্যমে ইসলামী ব্যাংকের কার্যক্রমে কেন্দ্রীয় ব্যাংকের সরাসরি তদারকি ও নিয়ন্ত্রণ আরও শক্তিশালী হলো। তবে পরিচালনা পর্ষদ বাতিলের সুনির্দিষ্ট কারণ সম্পর্কে বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।
উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে ইসলামী ব্যাংকের পরিচালন ব্যবস্থা, তারল্য পরিস্থিতি এবং গ্রাহকসেবা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছিল। এমন প্রেক্ষাপটে কেন্দ্রীয় ব্যাংকের এ পদক্ষেপকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। নতুন পরিচালনা পর্ষদ গঠন এবং ব্যাংকের ভবিষ্যৎ ব্যবস্থাপনা কাঠামো সম্পর্কে পরবর্তী সময়ে সিদ্ধান্ত জানানো হতে পারে।




















