নিজস্ব প্রতিবেদক:
ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ধারাবাহিক পুশইন চেষ্টাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন সীমান্ত এলাকায় উদ্বেগ ও আতঙ্ক বাড়ছে। একদিকে নয়াদিল্লিতে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক পর্যায়ের বৈঠক চলছে, অন্যদিকে সীমান্তে অবৈধভাবে লোকজন ঠেলে পাঠানোর চেষ্টা অব্যাহত রয়েছে বলে অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (৯ জুন) জামালপুর ও কুড়িগ্রাম সীমান্ত দিয়ে শতাধিক মানুষকে বাংলাদেশে প্রবেশ করানোর চেষ্টা করা হয়। তবে বিজিবি ও স্থানীয় বাসিন্দাদের প্রতিরোধের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়। এর আগে পঞ্চগড় সীমান্তের শূন্যরেখায় অবস্থানরত ১০ জনকে প্রায় ৬৯ ঘণ্টা পর ফিরিয়ে নিতে বাধ্য হয় বিএসএফ।
সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সরকার অতিরিক্ত বিজিবি মোতায়েন করেছে। গুরুত্বপূর্ণ সীমান্ত পয়েন্টগুলোতে নজরদারি জোরদারের পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় যৌথ পাহারার ব্যবস্থাও করা হয়েছে।
এদিকে পুশইনসহ সীমান্তসংক্রান্ত বিভিন্ন ইস্যু নিয়ে ভারতের রাজধানী দিল্লিতে শুরু হয়েছে বিজিবি-বিএসএফের ৫৭তম মহাপরিচালক পর্যায়ের বৈঠক। লোদি রোডে বিএসএফ সদর দপ্তরে শুরু হওয়া এই বৈঠক আগামী ১১ জুন পর্যন্ত চলবে। এতে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও অংশ নিচ্ছেন।
বৈঠক প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল বলেন, সীমান্তের শূন্যরেখায় অবস্থানরত অবৈধ অভিবাসীদের বিষয়ে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনা চলছে। আলোচনার ফলাফল না আসা পর্যন্ত এ বিষয়ে মন্তব্য করা সমীচীন হবে না।
তিনি আরও জানান, প্রায় পাঁচ বছর আগে ২ হাজার ৮৬০ জন কথিত অবৈধ অভিবাসীর একটি তালিকা বাংলাদেশকে দেওয়া হয়েছিল। তবে এখনো তাদের পরিচয় যাচাই ও প্রত্যাবাসন বিষয়ে অগ্রগতি হয়নি বলে ভারতের দাবি।
অন্যদিকে বিজিবি জানিয়েছে, সীমান্তবর্তী ২৬ জেলার ঝুঁকিপূর্ণ এলাকাগুলো চিহ্নিত করে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। যশোর, সাতক্ষীরা, কুড়িগ্রাম, পঞ্চগড়, চুয়াডাঙ্গা, মেহেরপুর, সিলেট, ফেনীসহ বিভিন্ন জেলার সীমান্তে সতর্কতা জোরদার করা হয়েছে।
জামালপুর ৩৫ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাসানুর রহমান বলেন, সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। স্থানীয় জনগণের সহযোগিতায় যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে কঠোর নজরদারি অব্যাহত রয়েছে।
এ বিষয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, সীমান্তে পুশইনের বিষয়টি ভারতের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সম্পর্কিত হতে পারে। তবে বাংলাদেশ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং জাতীয় স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।




















