খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই চাচাত বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (৭ জুন) বিকেলে উপজেলার ঝুনাগাছ চাপানী ইউনিয়নের উত্তর সোনাখুলী গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে।
নিহত দুই শিশু হলো রবিয়াল ইসলামের মেয়ে রুপাইয়া (৪) এবং আউয়াল হোসেনের মেয়ে আশফিকা (৪)। সম্পর্কে তারা আপন চাচাত বোন।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, রোববার বিকেল সাড়ে ৪টার দিকে বাড়ির পাশে খেলাধুলা করছিল দুই শিশু। একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে তারা পাশের একটি পুকুরে গোসল করতে নামে। সাঁতার না জানার কারণে পানিতে তলিয়ে যায় তারা।
দীর্ঘ সময় তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন। সন্ধ্যার দিকে পুকুরের পানিতে দুই শিশুকে ভাসতে দেখে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে নিকটস্থ চিকিৎসকের কাছে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। একই পরিবারের দুই শিশুর আকস্মিক মৃত্যুতে পুরো গ্রামে শোকের ছায়া নেমে আসে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঝুনাগাছ চাপানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একরামুল হক চৌধুরী বলেন, “একই বাড়ির দুই শিশুর এমন করুণ মৃত্যু অত্যন্ত মর্মান্তিক। এ ঘটনায় পুরো এলাকায় শোকের হাওয়া বইছে। শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে অভিভাবকদের আরও সচেতন হতে হবে।”
স্থানীয়রা জানান, শিশুদের প্রতি সার্বক্ষণিক নজরদারি ও জলাশয়ের পাশে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা গেলে এ ধরনের দুর্ঘটনা অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।




















