যশোরে বোমা হামলার একটি মামলায় জড়িত থাকার অভিযোগে যুবলীগ কর্মী মেহেদী হাসানকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের গোয়ালদাহ বাজার এলাকার নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। তিনি ওই এলাকার বাসিন্দা মশিয়ার রহমানের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, ২০১৮ সালের ৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনের দিন বেলা ১১টার দিকে সদর উপজেলার বালিয়াডাঙ্গা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রে আওয়ামী লীগের সমর্থকদের সঙ্গে বিএনপির নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, এ সময় হামলাকারীরা বোমার বিস্ফোরণ ঘটিয়ে বিএনপির নেতাকর্মীদের ওপর হামলা ও মারধর চালায়।
ঘটনার দীর্ঘ সময় পর, ২০২৪ সালের ১৯ নভেম্বর কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়। মামলায় ৯৬ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাতনামা আরও ২৫০ থেকে ৩০০ জনকে আসামি করা হয়।
মামলার তদন্ত চলাকালে বোমা হামলার ঘটনায় মেহেদী হাসানের সম্পৃক্ততার অভিযোগ উঠে আসে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।
পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে কাজ চলছে।



















