পর্যটক ও স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে বাগেরহাটের ঐতিহাসিক খানজাহান আলী (রহ.) মাজার শরীফ-সংলগ্ন মাজার দিঘির কুমিরটিকে সাময়িকভাবে অপসারণের সিদ্ধান্ত নিয়েছে জেলা প্রশাসন।
মঙ্গলবার (২ জুন) রাতে জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত এক বিশেষ বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে কুমিরটির উপস্থিতি ঘিরে নিরাপত্তা ঝুঁকি এবং দর্শনার্থীদের সুরক্ষার বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়।
বৈঠক সূত্রে জানা গেছে, প্রয়োজনীয় নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ ও পরিবেশ উপযোগী করার পর ভবিষ্যতে কুমিরটিকে পুনরায় দিঘিতে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে।
স্থানীয় প্রশাসনের মতে, দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাই এই সিদ্ধান্তের মূল উদ্দেশ্য। এ বিষয়ে পরবর্তী কার্যক্রম দ্রুত বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হবে।



















