যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (৩১ মে) যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন আন্দুলিয়া ও বেনাপোল বিওপি এলাকার সীমান্তবর্তী বিভিন্ন স্থানে দিনব্যাপী চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ১৬ কেজি গাঁজা, ৫২টি ভারতীয় তৈরি পোশাক এবং ১ হাজার ১০৫টি বিভিন্ন ব্র্যান্ডের চকলেট জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধার করা এসব মালামালের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ৯২ হাজার ৫০০ টাকা।
যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা নজরদারি এবং বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে। এর ধারাবাহিকতায় বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও চোরাচালানি পণ্য জব্দ করা সম্ভব হচ্ছে।
তিনি আরও জানান, সীমান্ত দিয়ে মাদক ও অবৈধ পণ্য পাচার রোধে বিজিবির কঠোর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।










