যশোরের আলোচিত ব্যক্তি কামরুল ইসলাম ওরফে ‘খোঁড়া কামরুল’কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। অস্ত্র মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে তাকে আটক করা হয়। কামরুল যশোর সদর উপজেলার খোলাডাঙ্গা এলাকার মৃত আজিজের ছেলে।
রোববার দুপুরে যশোর পুলিশ সুপারের কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম এ তথ্য জানান।
পুলিশের তথ্য অনুযায়ী, কামরুল ইসলামের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, বিস্ফোরক, চাঁদাবাজি, বিশেষ ক্ষমতা আইন ও মাদকসহ বিভিন্ন অভিযোগে মোট ২০টি মামলা বিচারাধীন রয়েছে। এর মধ্যে রয়েছে ১টি হত্যা মামলা, ৬টি অস্ত্র মামলা, ৪টি বিস্ফোরক মামলা, চাঁদাবাজিসহ অন্যান্য ৭টি মামলা, বিশেষ ক্ষমতা আইনের ১টি মামলা এবং ১টি মাদক মামলা।
ডিবি সূত্র জানায়, যশোর কোতোয়ালি থানার একটি অস্ত্র মামলায় গ্রেপ্তার দুই আসামির দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে কামরুল ইসলামের নাম উঠে আসে। জবানবন্দিতে বলা হয়, মামলায় উদ্ধার হওয়া বিদেশি পিস্তল, ম্যাগাজিন ও গুলির কেনাবেচার সঙ্গে তিনি জড়িত ছিলেন।
এরপর এসআই সালাউদ্দিন খান ও এসআই বাবলা দাসের নেতৃত্বে ডিবির একটি বিশেষ টিম অভিযান চালায়। শনিবার বিকেল ৩টার দিকে শহরের মিশনপাড়া এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, কামরুল ইসলাম দীর্ঘদিন ধরে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য সরবরাহের সঙ্গে যুক্ত ছিলেন। পাশাপাশি যশোর শহর ও আশপাশের এলাকায় অবৈধ অস্ত্র কেনাবেচার নেটওয়ার্কের সঙ্গেও তার সম্পৃক্ততার তথ্য তদন্তে উঠে এসেছে বলে জানিয়েছে পুলিশ।




















