যশোরের শার্শা উপজেলার শিকারপুর গ্রামে জমিজমা সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে এক যুবককে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। শনিবার (৩০ মে) বিকেল ৪টার দিকে ভুক্তভোগীর নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
আহত শুভ (২৮) শিকারপুর গ্রামের আতিয়ার রহমানের ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের জমিজমা বিরোধের জেরে তার আপন চাচাতো ভাই রনি (২৫), মতিয়ারের ছেলে এবং মশিয়ার (৬০), ছমেদ আলীর ছেলে,সহ আরও ৪ থেকে ৫ জন অজ্ঞাতনামা ব্যক্তির বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে।
অভিযোগ রয়েছে, হামলাকারীরা লোহার রড দিয়ে শুভর মাথায় আঘাত করে তাকে গুরুতর জখম করে। হামলার পর পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে নাভারণ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল সূত্র জানিয়েছে, আহত যুবকের শারীরিক অবস্থা আশঙ্কাজনক এবং তিনি চিকিৎসাধীন রয়েছেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।




















