বেনাপোল প্রতিনিধি: শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে যশোরের বেনাপোল পৌরসভার ৬নং ওয়ার্ডের ভবারবেড় গ্রামে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৩০ মে) সন্ধ্যা ৬টায় ৬নং ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ৬নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্বাসউদ্দীন।
আলোচনা সভায় বক্তারা জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন, দেশপ্রেম, স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। তারা বলেন, জিয়াউর রহমান বাংলাদেশের জাতীয়তাবাদী রাজনীতির অন্যতম পথিকৃৎ ছিলেন। দেশের উন্নয়ন, স্বনির্ভরতা এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তাঁর ভূমিকা আজও স্মরণীয়। তাঁর আদর্শ নতুন প্রজন্মকে দেশপ্রেম ও জাতীয়তাবাদী চেতনায় উদ্বুদ্ধ করবে বলেও বক্তারা উল্লেখ করেন।
সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর বিএনপির সহ-সভাপতি শাহাবুদ্দিন, সাবেক পৌর বিএনপির যুববিষয়ক সম্পাদক নুর ইসলাম, সাবেক কাউন্সিলর ইসহাক, যুবদল নেতা শাহিন, ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের সভাপতি রমজান আলীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
এ সময় স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।




















