যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় মোটরসাইকেল, সিএনজি চালিত অটোরিকশা ও গরুবাহী নসিমনের ত্রিমুখী সংঘর্ষে দুই ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। বুধবার (২৭ মে) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চুড়ামনকাটি বাগডাঙ্গা ইটভাটার সামনে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন চৌগাছা উপজেলার ফুলসরা গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে মজনুর রহমান (৪৫) এবং আবুল হক মণ্ডলের ছেলে দুলাল (৪০)।
স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় বাগডাঙ্গা ইটভাটার সামনে তিনটি যানবাহনের মধ্যে সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দুজন গুরুতর আহত হন। পরে স্থানীয় বাসিন্দা ও ফায়ার সার্ভিসের সদস্যরা তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত মজনুর রহমানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।




















