যশোরের শার্শা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে ১৮৮ বান্ডিল আমদানি নিষিদ্ধ বিদেশি ফিশিং নেট জব্দ করা হয়েছে। এ ঘটনায় এক ব্যক্তিকে আটক করা হলেও তার সঙ্গে থাকা প্রাইভেটকার চালক পালিয়ে যেতে সক্ষম হয়েছেন।
শার্শা থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত ১১টা ১৫ মিনিটের দিকে উপজেলার বাগুড়ী এলাকার বেলতলা বাজারে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসআই (নিঃ) মো. মোস্তাক আহামেদের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযানে অংশ নেয়।
পুলিশের দাবি, বেলতলা বাজারে একটি ট্রাক বন্দোবস্তকারী অফিসের সামনে সন্দেহভাজন একটি পুরাতন সাদা রঙের টয়োটা প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির ভেতরে থাকা পাঁচটি প্লাস্টিকের বস্তা থেকে ১৮৮ বান্ডিল আমদানি নিষিদ্ধ বিদেশি ফিশিং নেট উদ্ধার করা হয়।
জব্দকৃত আলামতের মধ্যে রয়েছে— ৮০ বান্ডিল ‘ELEPHANTA FISHING TACKLE’, ৬৮ বান্ডিল ‘KEERIN FISHING TACKLE’ এবং ৪০ বান্ডিল ‘GOLD CUP’ ব্র্যান্ডের ফিশিং নেট। এছাড়া অভিযানকালে ব্যবহৃত একটি টয়োটা প্রাইভেটকারও জব্দ করেছে পুলিশ।
এ ঘটনায় ঝিকরগাছা উপজেলার কুলবাড়িয়া এলাকার মো. রফিক পশারী (৬১) নামে একজনকে আটক করা হয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে প্রাইভেটকারের চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া নিষিদ্ধ ফিশিং নেট ও জব্দকৃত গাড়ি থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
শার্শা থানা সূত্র জানায়, আটক রফিক পশারীকে রোববার আদালতে পাঠানো হয়েছে। একই সঙ্গে পালিয়ে যাওয়া চালক ও এ চক্রের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশের দাবি, সীমান্তবর্তী এলাকায় অবৈধ ও আমদানি নিষিদ্ধ পণ্য পাচার রোধে এ ধরনের বিশেষ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




















