ঝিনাইদহে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও ছাত্রদলের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি মামলার ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। রোববার (২৪ মে) সন্ধ্যায় পূর্বঘোষিত সংবাদ সম্মেলনে যোগ দিতে এসে জেলা শহরের একটি রেস্টুরেন্ট এলাকা থেকে এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজাকে গ্রেফতার করেছে পুলিশ।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত শুক্রবার (২২ মে) ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বর এলাকায় এনসিপির মুখ্য সংগঠক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় মামলা দায়ের করেন। মামলায় জেলা ছাত্রদলের আট নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ১১০ জনকে আসামি করা হয়।
মামলায় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদকে প্রধান আসামি করা হয়। এছাড়া জেলা ছাত্রদলের সভাপতি এমরান হোসেন, সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল এবং সাবেক সভাপতি এস এম সমেনুজ্জামান সমেনসহ মোট আটজনের নাম উল্লেখ করা হয়।
অন্যদিকে, ঘটনার পরদিন শনিবার (২৩ মে) জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. এনামুল কবির এনসিপির তারেক রেজাসহ ২২ নেতাকর্মীর নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করে পাল্টা মামলা দায়ের করেন।
এদিকে শনিবার রাতে ছাত্রদলের দায়ের করা মামলার অন্যতম আসামি জাতীয় যুবশক্তির নেতা অয়ন রহমানকে যশোর থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ। তবে তাকে থানা বা আদালতে হাজির না করার অভিযোগ তুলে রোববার বিকালে ঝিনাইদহ জেলা শহরের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করে এনসিপি। সেই সংবাদ সম্মেলনে অংশ নিতে এসেই পুলিশি অভিযানে গ্রেফতার হন তারেক রেজা।
এ ঘটনার মধ্যে আরেকটি গুরুত্বপূর্ণ মোড় আসে যখন এনসিপির দায়ের করা মামলার প্রধান আসামিসহ সকল আসামিকে রোববার দুপুরে ঝিনাইদহ আদালত জামিন প্রদান করেন।
ঘটনাকে কেন্দ্র করে ঝিনাইদহের রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বিরাজ করছে। তবে পুলিশ জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং মামলার তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।




















