পবিত্র ঈদুল আজহা ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থলবন্দর ও স্থল শুল্ক স্টেশনে টানা আট দিন সব ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ সময়েও ইমিগ্রেশন সেবা স্বাভাবিক থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
বন্দর সূত্রে জানা গেছে, ঈদকে সামনে রেখে ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সিদ্ধান্ত অনুযায়ী আগামী ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত বন্দরের সব ধরনের বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকবে। ফলে টানা আট দিন আমদানি-রপ্তানি কার্যক্রম সম্পূর্ণ স্থগিত থাকবে।
তবে আগামী ২ জুন থেকে পুনরায় যথারীতি বন্দর কার্যক্রম শুরু হবে বলে জানা গেছে।
এদিকে বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্ট ও ভিসাধারী যাত্রীদের যাতায়াতে কোনো বাধা থাকবে না। ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে স্বাভাবিকভাবেই যাত্রী চলাচল অব্যাহত থাকবে।
সাইফুর রহমান জানান, ব্যবসায়িক কার্যক্রম বন্ধের বিষয়ে তারা চিঠি পেয়েছেন। তবে ইমিগ্রেশন দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক থাকবে।
অন্যদিকে মাহমুদুল হাসান বলেন, ঈদ উপলক্ষে ২৫ মে থেকে ১ জুন পর্যন্ত বন্দর বন্ধ রাখার বিষয়ে সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন কর্তৃপক্ষকে অবহিত করেছে।
এছাড়া মতলেবুর রহমান জানান, ঈদুল আজহা উপলক্ষে ব্যবসায়িক কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্তের কথা ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে।




















