বাংলাদেশ আবহাওয়া অধিদফতর জানিয়েছে, দেশের রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে আগামী কয়েক দিনে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের কয়েকটি জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনাও রয়েছে।
বুধবার (২০ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য প্রকাশিত আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়।
আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, বর্তমানে লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল হয়ে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা তৈরি হয়েছে।
আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
একই সঙ্গে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।
এদিকে যশোর, খুলনা, বাগেরহাট ও নোয়াখালী জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, বৃহস্পতিবার (২১ মে) থেকে রোববার (২৪ মে) পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগে ভারী বর্ষণের সম্ভাবনা বেশি রয়েছে।
শুক্রবার ও শনিবার দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। রোববারও একই ধরনের আবহাওয়া বিরাজ করতে পারে বলে জানানো হয়েছে।
আবহাওয়া অধিদফতর জানিয়েছে, বর্ধিত পাঁচ দিনে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে। ফলে বজ্রপাত ও ঝড়ো হাওয়ার সময় সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।




















