কক্সবাজারের চকরিয়ায় সেনাবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন হত্যা মামলায় ৪ জনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আরও ৯ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে।
বুধবার (২০ মে) দুপুরে কক্সবাজার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-এর বিচারক মোহাম্মদ আবুল মনসুর সিদ্দিকী আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন।
মামলার নথি সূত্রে জানা যায়, গত বছরের ২৩ সেপ্টেম্বর চকরিয়া উপজেলার পূর্ব মাইজপাড়া এলাকায় মাছ ব্যবসায়ী রেজাউল করিমের বাড়িতে ডাকাতির প্রস্তুতির তথ্য পায় আইনশৃঙ্খলা বাহিনী।
এরপর রাত সাড়ে ৩টার দিকে লেফটেন্যান্ট নির্জনের নেতৃত্বে সেনাবাহিনী ও পুলিশের একটি যৌথ দল সেখানে অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে এক ডাকাতকে আটক করা হলে তার সহযোগীরা তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় সশস্ত্র হামলায় ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন লেফটেন্যান্ট তানজিম সারোয়ার নির্জন।
পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার পর বাংলাদেশ সেনাবাহিনী বাদী হয়ে চকরিয়া থানা-এ একটি হত্যা মামলা দায়ের করে।
দীর্ঘ তদন্ত ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত বুধবার বহুল আলোচিত এ মামলার রায় ঘোষণা করেন। আদালতের এ রায়কে স্বাগত জানিয়েছেন সংশ্লিষ্টরা। স্থানীয়দের মধ্যে রায়কে ঘিরে ব্যাপক আলোচনা দেখা গেছে।




















