মোস্তাফিজুর রহমান, শার্শা উপজেলা প্রতিনিধি:
যশোর সীমান্ত এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে ৪ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৮ মে) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর আওতাধীন বেনাপোল বিওপি, বেনাপোল আইসিপি ও আমড়াখালী চেকপোস্ট এলাকায় পরিচালিত পৃথক চোরাচালানবিরোধী অভিযানে এসব মালামাল জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত এলাকায় নজরদারি বৃদ্ধি করা হলে বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে আনা ভারতীয় পণ্য উদ্ধার করা হয়। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ভারতীয় ৩৭টি শাড়ি, ১টি থ্রি-পিস, ১ কেজি জিরা, ২ প্যাকেট ফুসকা, ২২ প্যাকেট পাতার বিড়ি, ৫৩টি সিটিগোল্ড আইটেম, ৪২১টি চকলেট এবং ৩০০টি কসমেটিকস সামগ্রী।
জব্দকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৬৬ হাজার ২০০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং আভিযানিক কার্যক্রম আরও জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে বিভিন্ন ধরনের চোরাচালানী মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে।
তিনি আরও বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




















