মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবস্থিত সিনথিয়া টি কোম্পানি লিমিটেডের একটি চা প্যাকেজিং ফ্যাক্টরিতে তালা ভেঙে অবৈধভাবে প্রবেশ ও মালামাল সরিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বরাবর হোয়াটসঅ্যাপের মাধ্যমে লিখিত অভিযোগ দিয়েছেন কোম্পানির চেয়ারম্যান মোঃ সালমান তালিব।
অভিযোগ সূত্রে জানা যায়, শ্রীমঙ্গলের হাউজিং এস্টেট এলাকার খালেদ কমিউনিটি সেন্টারের নিচতলায় অবস্থিত সিনথিয়া টি কোম্পানি লিমিটেডের প্যাকেজিং ফ্যাক্টরিটি দীর্ঘ কয়েক মাস ধরে ব্যবসায়িক সমস্যার কারণে বন্ধ রয়েছে। ফলে ফ্যাক্টরির ভাড়া বকেয়া পড়ে যায়। তবে কোম্পানির চেয়ারম্যান মোঃ সালমান তালিব ভবনের কেয়ারটেকার আব্দুল মতিনকে আশ্বস্ত করেছিলেন যে, তিনি ধাপে ধাপে বকেয়া ভাড়া পরিশোধ করে পুনরায় ফ্যাক্টরি চালু করবেন।
লিখিত অভিযোগে উল্লেখ করা হয়, গত ১৩ মে দিবাগত রাত আনুমানিক ২টার দিকে কেয়ারটেকার আব্দুল মতিন তার ছোট ভাই আজিজুলসহ আরও কয়েকজনকে নিয়ে ফ্যাক্টরির তালা ভেঙে ভেতরে প্রবেশ করেন। পরে সেখানে থাকা বিভিন্ন মালামাল সরিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন কোম্পানির চেয়ারম্যান।
অভিযোগকারী দাবি করেন, পরিকল্পিতভাবে ফ্যাক্টরির মালামাল সরিয়ে প্রতিষ্ঠানটি দখলের পাঁয়তারা করা হচ্ছে। বর্তমানে তিনি ঢাকায় অবস্থান করায় তাৎক্ষণিকভাবে শ্রীমঙ্গলে যেতে পারছেন না বলেও জানান।
এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ ও মালামাল উদ্ধারে শ্রীমঙ্গল থানা পুলিশের হস্তক্ষেপ কামনা করেছেন সিনথিয়া টি কোম্পানি লিমিটেডের চেয়ারম্যান মোঃ সালমান তালিব।
তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত কেয়ারটেকার আব্দুল মতিনের বক্তব্য জানা সম্ভব হয়নি। এ বিষয়ে শ্রীমঙ্গল থানার পক্ষ থেকেও আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।




















