যশোরের অভয়নগরে ব্যবসায়ী আনিছুর রহমান হত্যা মামলায় জড়িত সন্দেহে মনির হোসেন (৩৯) নামে এক যুবককে চট্টগ্রাম থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১২ মে) রাতে চট্টগ্রাম মহানগরীর ডাবলমুরিং থানার হাজিপাড়া এলাকার বাবুল সাহেবের মাঠসংলগ্ন ‘স্বপ্ননীড়’ নামে একটি বাসা থেকে তাকে আটক করা হয়।
গ্রেপ্তার মনির হোসেন যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ ইউনিয়নের চায়না বাজার এলাকার মৃত আহমদ আলীর ছেলে। তিনি নওয়াপাড়া পীরবাড়ীতে খাদেম হিসেবে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
মঙ্গলবার (১৩ মে) বিকেলে মনির হোসেনকে যশোর আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
অভয়নগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম নুরুজ্জামান জানান, নওয়াপাড়া বাজারের ব্যবসায়ী আনিছুর রহমান হত্যা মামলায় সন্দেহভাজন হিসেবে তাকে চট্টগ্রামের ডাবলমুরিং থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তের স্বার্থে এ মুহূর্তে বিস্তারিত তথ্য প্রকাশ করা সম্ভব নয় বলেও তিনি জানান।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৬ মে অভয়নগর উপজেলার গুয়াখোলা গ্রামে পীরবাড়ি মসজিদের সামনে নিজ নির্মাণাধীন ছয়তলা ভবনের সামনে সন্ত্রাসীদের হামলায় ব্যবসায়ী আনিছুর রহমান নিহত হন।
এ ঘটনায় নিহতের স্ত্রী নাহিদা ইমাম বাদী হয়ে শাহ মো. মাহমুদ, তার সহযোগী নাসিরসহ অজ্ঞাতনামা আরও ২-৩ জনকে আসামি করে অভয়নগর থানায় হত্যা মামলা দায়ের করেন।
নিহত আনিছুর রহমান নওয়াপাড়া সার, সিমেন্ট, খাদ্যশস্য ও কয়লা ব্যবসায়ী সমিতির উপদেষ্টা এবং আমদানিকারক প্রতিষ্ঠান মেসার্স জয়েন্ট ট্রেডিং কর্পোরেশন লিমিটেডের পরিচালক ছিলেন।




















