‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’— এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ থেকে শুরু হয়েছে চারদিনব্যাপী পুলিশ সপ্তাহ ২০২৬। এ উপলক্ষে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্সে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
রোববার সকাল ৯টার দিকে প্রধানমন্ত্রী তারেক রহমান অনুষ্ঠানস্থলে পৌঁছালে তাকে স্বাগত জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির।
এবারের বার্ষিক পুলিশ প্যারেডে নেতৃত্ব দিচ্ছেন হাসান মোহাম্মদ নাছের রিকাবদার। তার নেতৃত্বে বিভিন্ন ইউনিট ও কনটিনজেন্টের পুলিশ সদস্যরা অংশ নেন মনোজ্ঞ প্যারেডে। অনুষ্ঠানে পুলিশের বিভিন্ন শাখার সদস্যদের কুচকাওয়াজ, সালাম গ্রহণ এবং আনুষ্ঠানিক প্রদর্শনী অনুষ্ঠিত হয়।
পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্ম-অধিবেশনে বিগত বছরের আইনশৃঙ্খলা পরিস্থিতি, পুলিশের সাফল্য ও চ্যালেঞ্জ পর্যালোচনা করা হবে। পাশাপাশি আগামী বছরের কর্মপরিকল্পনা ও জনসেবামুখী কার্যক্রম নিয়ে আলোচনা করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। আগামী ১৩ মে পুলিশ সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, মন্ত্রিপরিষদ সদস্য, সংসদ সদস্য, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, অতিরিক্ত আইজিগণ, বিভিন্ন মেট্রোপলিটন পুলিশের কমিশনার, রেঞ্জ ডিআইজি, জেলার পুলিশ সুপারসহ নগরীর বিশিষ্ট ব্যক্তিরা।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জনগণের আস্থা অর্জনে পেশাদারিত্ব, মানবিকতা ও প্রযুক্তিনির্ভর পুলিশিং জোরদারের ওপর গুরুত্বারোপ করেন।




















