যশোরে নিখোঁজ হওয়া নবম শ্রেণির শিক্ষার্থী বৈশাখী রানীকে ৪৮ ঘণ্টার অভিযানে উদ্ধার করেছে পুলিশ। বিষয়টি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিলে পুলিশ অভিযান জোরদার করে।
পুলিশ জানায়, গত ৮ এপ্রিল সকালে স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় বৈশাখী। পরে যশোর সদর উপজেলার ফতেপুর দাসপাড়ার বাসিন্দা দেবদাস বিশ্বাস তার মেয়েকে অপহরণের অভিযোগ এনে আদালতে মামলা দায়ের করেন।
মামলায় ফতেপুর গ্রামের কানাই দাসের ছেলে পরশ দাস, নির্মল দাসের ছেলে আশিক দাস এবং পাচু দাসের ছেলে সুজল দাসকে আসামি করা হয়। আদালত ঘটনাটি তদন্তের দায়িত্ব দেয় পিবিআইকে। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে মানববন্ধন ও থানায় অবস্থান কর্মসূচিও পালন করা হয়।
এদিকে সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশিত হলে প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলামকে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন। পরে পুলিশ সুপারের তত্ত্বাবধানে সাইবার টিম প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার রাতে বাঘারপাড়া উপজেলার পাইকপাড়া গ্রাম থেকে বৈশাখীকে উদ্ধার করে।
শুক্রবার তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
যশোরের পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম বলেন, প্রতিমন্ত্রী বিষয়টি নিয়ে একাধিকবার যোগাযোগ করে দ্রুত উদ্ধারের নির্দেশনা দেন। পরে গুরুত্বের সঙ্গে অভিযান পরিচালনা করে বৈশাখীকে উদ্ধার করে পরিবারের জিম্মায় দেওয়া হয়।




















