জামালপুরের মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ছয় নেতা-কর্মী জামিনে কারামুক্ত হওয়ার পরই জেলগেট থেকে পুনরায় গ্রেপ্তার হয়েছেন।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—মাদারগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ওবায়দুর রহমান, পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্যানেল মেয়র শওকত আলী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, গুনারীতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম লিখন, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শিবলুল পাশা সিয়াম এবং পৌর যুবলীগ নেতা মির্জা তৌহিদুল ইসলাম।
রোববার (৩ মে) সন্ধ্যা ৬টার দিকে জামালপুর জেলা কারাগারের প্রধান ফটকের সামনে থেকে তাদের গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিএনপি নেতাদের দায়ের করা মামলায় আত্মসমর্পণের পর প্রায় এক মাস ধরে তারা কারাগারে ছিলেন। রোববার আদালত থেকে জামিন পাওয়ার পর কারাগার থেকে মুক্তি পান তারা। তবে মুক্তির কিছুক্ষণের মধ্যেই কারা ফটক থেকে বের হওয়ার সময় ডিবি পুলিশ তাদের পুনরায় আটক করে।
তাদের কোন মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
এ বিষয়ে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের সদর থানায় নেওয়া হবে।




















