জুলাই গণঅভ্যুত্থানের সময় রাজধানীর মোহাম্মদপুরে ছাত্রদলকর্মী শেখ মোহাম্মদ আশিককে হত্যাচেষ্টার ঘটনায় দায়ের করা মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের-সহ ৪০ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করেছে পুলিশ।
মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌস জামান তদন্ত শেষে এ চার্জশিট দাখিল করেন। তদন্তে সংশ্লিষ্টতা না পাওয়ায় এবং ঘটনার সময় ঘটনাস্থলে উপস্থিত না থাকায় ১২৭ জনকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ করা হয়েছে।
চার্জশিটে অন্তর্ভুক্ত অন্য উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, সাবেক সংসদ সদস্য সাদেক খান, সাবেক কাউন্সিলর আসিফ আহম্মেদ, তারেকুজ্জামান রাজীব এবং ছাত্রলীগ নেতা নাঈমুল হাসান রাসেল।
মামলার নথি অনুযায়ী, গত ১৯ জুলাই মোহাম্মদপুর বাসস্ট্যান্ডের ময়ূর ভিলা এলাকায় চলমান আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। অভিযোগে বলা হয়, এ সময় গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন ছাত্রদলকর্মী শেখ মোহাম্মদ আশিক। পরে হামলাকারীরা তাকে মৃত ভেবে ঘটনাস্থলে ফেলে রেখে যায়।
এ ঘটনায় আশিক নিজেই বাদী হয়ে গত ২৮ সেপ্টেম্বর মোহাম্মদপুর থানায় হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। মামলায় শেখ হাসিনাসহ ১২৯ জনের নাম উল্লেখ করা হয়। পাশাপাশি অজ্ঞাতনামা আরও প্রায় ১৫০ জনকে আসামি করা হয়েছিল।
অভিযোগপত্রে বলা হয়েছে, শেখ হাসিনা, ওবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, জাহাঙ্গীর কবির নানকসহ অন্যান্য অভিযুক্তদের পরিকল্পনা, নির্দেশনা ও ষড়যন্ত্রের ভিত্তিতে ছাত্র-জনতার আন্দোলন দমন করতে সহিংস পদক্ষেপ নেওয়া হয়েছিল। সারাদেশে চলমান আন্দোলন দমনে সংগঠিতভাবে এ হামলা চালানো হয় বলেও চার্জশিটে উল্লেখ করা হয়েছে।



















