ভারতের রাজধানী নয়াদিল্লিতে একটি আবাসিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটে শহরের বিবেক বিহার এলাকায়।
রোববার (৩ মে) ভারতীয় সংবাদমাধ্যম NDTV-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, বেজমেন্টসহ চারতলা ওই আবাসিক ভবনে ভোর সাড়ে ৩টার দিকে আগুনের সূত্রপাত হয়। তখন অধিকাংশ বাসিন্দা ঘুমিয়ে ছিলেন। আগুন দ্রুত পুরো ভবনে ছড়িয়ে পড়ে।
দুর্ঘটনায় প্রাণহানির অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে ভবনের নকশাগত ত্রুটি। ভবনটিতে মাত্র একটি সিঁড়ি ছিল এবং কোনো জরুরি নির্গমন পথ ছিল না। এছাড়া ছাদে যাওয়ার সিঁড়ির দরজা তালাবদ্ধ থাকায় অনেকেই বের হতে পারেননি।
এ সময় ভবনের একপাশে লোহার গ্রিল থাকায় বিকল্প কোনো পথও খোলা ছিল না। ফলে ধোঁয়া ও তাপে আটকে পড়ে অনেকে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান।
প্রতিবেদনে আরও বলা হয়, আগুন পেছনের অংশ দিয়ে ছড়িয়ে পড়ায় সেখান থেকে লাফিয়ে বের হওয়ার সুযোগও ছিল না। অনেকে করিডোর দিয়ে ছাদে যাওয়ার চেষ্টা করলেও তালাবদ্ধ দরজার কারণে ব্যর্থ হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, ভবনের ভেতর থেকে শিশু ও বাসিন্দাদের সাহায্যের জন্য চিৎকার শোনা যাচ্ছিল। কেউ কেউ প্রাণ বাঁচাতে ভবন থেকে লাফ দেওয়ার চেষ্টা করেন বলেও জানা গেছে।
ফায়ার সার্ভিস ও উদ্ধারকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার পর উদ্ধার অভিযান চালায়। তবে ততক্ষণে ৯ জনের মৃত্যু ঘটে।
দুই ভবনের মাঝে ফাঁকা জায়গা না থাকায় আগুন দ্রুত পাশের ভবনেও ছড়িয়ে পড়ে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।




















