পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার প্রাক্কালে দলীয় কাউন্টিং এজেন্টদের উদ্দেশে আত্মবিশ্বাসী ও কঠোর বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেছেন, অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস ২০০-র বেশি আসনে জয়ী হয়ে আবারও সরকার গঠন করবে।
শনিবার (২ মে) বিকেলে কলকাতার কালীঘাট থেকে ভার্চুয়াল বৈঠকে তৃণমূলের বিভিন্ন কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের সঙ্গে যুক্ত হন মমতা। নির্বাচনের আগে এটিকে দলের শেষ দফার প্রস্তুতি বৈঠক হিসেবে দেখা হচ্ছে।
বৈঠকে তিনি স্পষ্টভাবে জানান, ভোটগণনার দিন কোনো ধরনের শৈথিল্য বরদাশত করা হবে না। প্রত্যেক কাউন্টিং এজেন্টকে ভোর থেকেই গণনাকেন্দ্রে উপস্থিত থাকতে হবে এবং গণনা শেষ না হওয়া পর্যন্ত সেখানেই অবস্থান করতে হবে। দলীয় নির্দেশ ছাড়া কেউ কেন্দ্র ত্যাগ করতে পারবেন না।
মমতা বলেন, যেসব আসনে ২০০ থেকে ৩০০ ভোটের ব্যবধানে প্রতিদ্বন্দ্বী এগিয়ে থাকবে, সেখানে সঙ্গে সঙ্গে পুনর্গণনার দাবি জানাতে হবে। তিনি বুথফেরত সমীক্ষার ওপর নির্ভর না করারও আহ্বান জানান। তার মতে, এসব সমীক্ষা অনেক সময় জনমত প্রভাবিত করতে ব্যবহার করা হয় এবং বাস্তব ফলের সঙ্গে এর অমিল থাকতে পারে।
বৈঠকে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও গুরুত্বপূর্ণ নির্দেশনা দেন। তিনি বলেন, চূড়ান্ত ফলাফলের সার্টিফিকেট হাতে না পাওয়া পর্যন্ত কোনো কাউন্টিং এজেন্ট গণনাকেন্দ্র ত্যাগ করবেন না।
তিনি আরও নির্দেশ দেন, পোস্টাল ব্যালট গণনার প্রতি বিশেষ নজর রাখতে হবে। পাশাপাশি ইভিএম খোলার সময় তারিখ, তথ্য এবং যন্ত্রের অবস্থা সতর্কতার সঙ্গে যাচাই করতে হবে। কোথাও কোনো অসঙ্গতি দেখা দিলে তাৎক্ষণিকভাবে দলের শীর্ষ নেতৃত্বকে জানাতে হবে।
বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে তৃণমূল ও ভারতীয় জনতা পার্টি—উভয় দলই সরকার গঠনের ব্যাপারে আশাবাদী। ফলে ভোটগণনার প্রতিটি ধাপ ঘিরে উত্তেজনা ও নজরদারি আরও বাড়বে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।




















