ঝিনাইদহে একটি যাত্রীবাহী বাসে অভিযান চালিয়ে প্রায় ৭ কোটি ৫৫ লাখ টাকা মূল্যের নিষিদ্ধ মাদক ‘ক্রিস্টাল আইস’ উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
শনিবার (২ মে) দুপুরে ঝিনাইদহ জেলা শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, শ্যামনগর থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি যাত্রীবাহী বাস ঝিনাইদহ কেন্দ্রীয় বাস টার্মিনালে পৌঁছালে সেখানে তল্লাশি চালানো হয়। এ সময় বাস থেকে ১ কেজি ৫১০ গ্রাম ‘ক্রিস্টাল মেথ’ বা ‘আইস’ উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ কোটি ৫৫ লাখ টাকা বলে জানিয়েছে র্যাব।
ঝিনাইদহ র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইমামীম মুবীন সরকার সুমন বলেন, উদ্ধার করা মাদক পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি আরও জানান, মাদকমুক্ত সমাজ গড়তে র্যাবের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।




















