নড়াইলের লোহাগড়া উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৯টি মামলার আসামি মো. জিল্লুর রহমানকে গ্রেফতার করেছে লোহাগড়া থানা পুলিশ।
শনিবার (২ মে) বিকেল ৩টার দিকে লোহাগড়া পৌরসভার ডাকবাংলো এলাকার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের উলা গ্রামের বাদশা শেখের ছেলে।
পুলিশ জানায়, লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রহমানের নেতৃত্বে এসআই তারোক বিশ্বাস, এসআই জাকির হোসেন, এসআই হাসিব ও এসআই তারেকসহ পুলিশের একটি দল এ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ওয়ারেন্টভুক্ত আসামি জিল্লুর রহমানকে আটক করা হয়।
লোহাগড়া থানার ওসি মো. আব্দুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পৌর শহরের ডাকবাংলো এলাকা থেকে জিল্লুর রহমানকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে থানায় মোট ৯টি মামলা রয়েছে।
গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে নড়াইল আদালতে পাঠানো হয়েছে।
স্থানীয় সূত্র জানিয়েছে, জিল্লুর রহমানের বিরুদ্ধে বিভিন্ন সময়ে একাধিক অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। এলাকায় তার গ্রেফতারকে ঘিরে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে।




















