যশোরে একটি যাত্রীবাহী বাসের ভেতর অচেতন অবস্থায় এক যুবককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার (৩০ এপ্রিল) দুপুর ১টা ১৫ মিনিটের দিকে যশোর কেন্দ্রীয় বাস টার্মিনালে এ ঘটনা ঘটে।
উদ্ধার হওয়া যুবকের নাম পিন্টু (২৮)। তিনি ঝিকরগাছা উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের রবিউল ইসলামের ছেলে। পেশায় তিনি একটি স্কাভেটর মেশিনের চালক।
জানা গেছে, ব্যক্তিগত কাজে শার্শার নাভারণ মোড় থেকে যশোরে আসার জন্য পিন্টু জিম-জুই পরিবহনের একটি বাসে ওঠেন। বাসটির নিবন্ধন নম্বর টাঙ্গাইল-জ ১১-০১১৮।
পরে বাসটি যশোর সদর উপজেলার কেন্দ্রীয় বাস টার্মিনালে পৌঁছালে বাসের সুপারভাইজার শেখ আবু রাসেল রিপন বাসের ভেতরে পিন্টুকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। বিষয়টি বুঝতে পেরে তিনি দ্রুত অন্যদের সহায়তায় তাকে উদ্ধার করেন।
তাৎক্ষণিকভাবে পিন্টুকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, প্রাথমিক চিকিৎসা শেষে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তিনি এখন আশঙ্কামুক্ত। ঘটনার কারণ জানতে সংশ্লিষ্টরা খোঁজখবর নিচ্ছেন।


















