যশোর সদর উপজেলার বকচর হুশতলা এলাকায় সীমা খাতুন (৩৬) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) সকালে নিজ ঘর থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। দীর্ঘদিনের পারিবারিক কলহের জেরে তিনি আত্মহত্যা করেছেন বলে ধারণা করা হচ্ছে।
নিহত সীমা খাতুন বকচর হুশতলা এলাকার রুবেল হোসেনের স্ত্রী এবং সদর উপজেলার এড়েন্দা গ্রামের মৃত কাশেম আলীর মেয়ে।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, সীমা খাতুনের সঙ্গে তার পরিবারের সদস্যদের দীর্ঘ দিন ধরে কলহ চলে আসছিল। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার দিবাগত রাত ২টা থেকে বুধবার সকাল সাড়ে ৭টার মধ্যে যেকোনো সময় তিনি নিজ শয়নকক্ষে গলায় ওড়না পেঁচিয়ে ঘরের বাঁশের আড়ার সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন।
সকালে ডাকাডাকি করে কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা ঘরে গিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে নিহতের ভাই ইদ্রিস হোসেনসহ স্বজনরা ঘটনাস্থলে পৌঁছে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।
ঘটনার পর বিষয়টি যশোর কোতয়ালী মডেল থানা পুলিশকে জানানো হয়েছে। নিহতের পরিবারের পক্ষ থেকে ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানায় আবেদন করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে:
বর্তমানে মরদেহটি স্বামীর বাড়িতেই রাখা হয়েছে।
পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং এটি হত্যা না কি আত্মহত্যা তা নিশ্চিত করতে তদন্ত শুরু করেছে।ময়নাতদন্ত ও অন্যান্য আইনি প্রক্রিয়া শেষে পরবর্তী পদক্ষেপ গ্রহণ করা হবে।
নিহতের স্বজনদের মাঝে এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ জানিয়েছে, পারিবারিক অশান্তির মূল কারণ ও আত্মহত্যার প্ররোচনার কোনো বিষয় আছে কি না, তা গুরুত্বের সাথে খতিয়ে দেখা হচ্ছে।




















