যশোরে কুখ্যাত চোর শাহিন ইসলাম শামীম ওরফে ‘স্পাইডার শামীম’-কে আবারও আটক করেছে ডিবি পুলিশ। তিনি শহরের শংকরপুর এলাকার শহিদুল ইসলাম ওরফে রবির ছেলে।
শুক্রবার গভীর রাতে শেখহাটি বাবলাতলা এলাকার একটি ভাড়াবাসা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে চুরি হওয়া স্বর্ণালংকারের একটি অংশ উদ্ধার করা হয়েছে।
শনিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। পরে আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১২ ফেব্রুয়ারি কাজীপাড়া এলাকার বাসিন্দা নুসরাত নাজনীন অসুস্থতার কারণে ঢাকায় যান। ২৮ ফেব্রুয়ারি ফিরে এসে তিনি বাসার মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পান। পরবর্তীতে সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই রাতেই শামীম কৌশলে ঘরে প্রবেশ করে স্বর্ণালংকার ও নগদ টাকা চুরি করে নিয়ে যায়।
চুরি হওয়া সামগ্রীর মধ্যে ছিল এক জোড়া সোনার চেইন, কানের দুল, কয়েকটি আংটি, রুপার গয়না এবং নগদ অর্থ—যার মোট মূল্য প্রায় ৪ লাখ ৮০ হাজার টাকার বেশি। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়।
মামলার তদন্ত কর্মকর্তা ডিবির এসআই অলোক কুমার দে জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণের মাধ্যমে শামীমকে শনাক্ত করা হয়। পরে অভিযান চালিয়ে তাকে আটক এবং আংশিক মালামাল উদ্ধার করা হয়। তিনি আরও বলেন, শামীম একজন চিহ্নিত চোর এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।




















