যশোরে জাতীয় হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় জেলা সিভিল সার্জন কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
জেলা সিভিল সার্জন ডা. মাসুদ রানার সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক দেলোয়ার হোসেন খোকন। এ সময় জেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, হাম ও রুবেলার মতো সংক্রামক রোগ থেকে শিশুদের সুরক্ষায় টিকাদানের বিকল্প নেই। তারা অভিভাবকদের উদ্দেশ্যে নির্ধারিত সময়ের মধ্যে শিশুদের টিকা নিশ্চিত করার আহ্বান জানান।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এ টিকাদান কর্মসূচি ২০ এপ্রিল থেকে ২৫ এপ্রিল পর্যন্ত চলবে। জেলার মোট ২ হাজার ২৮০টি কেন্দ্রে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী প্রায় ২ লাখ ৮৩ হাজার ৬০৪ জন শিশুকে বিনামূল্যে হাম-রুবেলা টিকা প্রদান করা হবে।
এছাড়াও ৯ থেকে ১৫ মাস বয়সী এবং পূর্বে টিকা গ্রহণ করা শিশুদেরও এ কর্মসূচির আওতায় এনে পুনরায় টিকা প্রদান করা হবে, যাতে তারা পূর্ণ সুরক্ষা পায়।
স্বাস্থ্য বিভাগ আশা করছে, সকলের সম্মিলিত প্রচেষ্টায় এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়িত হবে এবং জেলার শিশুদের হাম ও রুবেলা রোগের ঝুঁকি উল্লেখযোগ্যভাবে কমে আসবে।




















