যশোর শহরের বহুল আলোচিত ষষ্টিতলা এলাকার আশরাফুল ইসলাম বিপুল হত্যা মামলার অন্যতম প্রধান আসামি ইমনকে অবশেষে গ্রেপ্তার করেছে র্যাব-৬, যশোর ক্যাম্পের সদস্যরা। বৃহস্পতিবার মধ্যরাতে যশোরের মণিরামপুর উপজেলার গোপীকান্তপুর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তার হওয়া ইমন যশোর সদর উপজেলার ডালমিল কলাবাগান এলাকার বাসিন্দা জব্বারের ছেলে।
র্যাব জানায়, বিপুল হত্যার ঘটনার পর থেকেই ইমন আত্মগোপনে ছিল। তার অবস্থান সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়ার পর র্যাব-৬-এর একটি বিশেষ দল দ্রুত অভিযান চালিয়ে তাকে সফলভাবে আটক করে।
র্যাবের দেওয়া তথ্যমতে, এই হত্যাকাণ্ডের মূলে ছিল দীর্ঘদিনের ব্যক্তিগত বিরোধ। ইমনের সহযোগী রিয়াজ হোসেন বাপ্পীর সাবেক স্ত্রী সুমাইয়া আক্তার পরবর্তীতে নিহত বিপুলকে বিয়ে করেন। এই ঘটনা থেকেই বিরোধ আরও চরম আকার ধারণ করে। এ নিয়ে রিয়াজ, ইমন এবং অন্যান্য আসামিদের সঙ্গে বিপুলের একাধিকবার সংঘাত হয়।
এরই জের ধরে গত ১২ জুলাই রাতে পূর্বপরিকল্পনা অনুযায়ী ইমন তার কয়েকজন সহযোগীকে নিয়ে শহরের ষষ্টিতলা এলাকায় আশরাফুল ইসলাম বিপুলকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে নির্মমভাবে হত্যা করে।
ঘটনার পরদিন নিহত বিপুলের মা যশোর কোতোয়ালি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকেই আসামিরা পলাতক ছিল।
র্যাব-৬ সিপিসি-৩ যশোর ক্যাম্পের কোম্পানি অধিনায়ক, অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল হক নিশ্চিত করেছেন যে, গ্রেপ্তারকৃত ইমনকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।




















