যশোর: ১৮তম জাতীয় সামার অ্যাথলেটিকস প্রতিযোগিতা-২০২৬-এর নারীদের ১০০ মিটার স্প্রিন্টে প্রথম স্থান অর্জন করে ১৮তমবারের মতো দেশের দ্রুততম মানবীর খেতাব জিতেছেন বাংলাদেশ নৌবাহিনীর অ্যাথলেট শিরিন আক্তার। তিনি যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান (পিইএসএস) বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।
শুক্রবার (২৩ অক্টোবর) ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রতিযোগিতায় ১০০ মিটার দৌড় শেষ করতে শিরিন সময় নেন ১২ দশমিক ০৮ সেকেন্ড। একই ইভেন্টে ১২ দশমিক ২৩ সেকেন্ড সময় নিয়ে দ্বিতীয় হন বাংলাদেশ সেনাবাহিনীর অ্যাথলেট শরিফা খাতুন। ১২ দশমিক ৩৩ সেকেন্ড সময় নিয়ে তৃতীয় স্থান অর্জন করেন বাংলাদেশ নৌবাহিনীর সুমাইয়া দেওয়ান।
সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্মরণে তিন দিনব্যাপী এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। শুক্রবার বিকেলে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
নিজের সাফল্যের অনুভূতি প্রকাশ করে শিরিন আক্তার বলেন, ‘আমি আমার খেলাধুলা এভাবেই চালিয়ে যেতে চাই। বর্তমানে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্পোর্টস সায়েন্সে মাস্টার্স করছি। সেখানে উপাচার্য স্যারসহ অন্যান্য শিক্ষক ও কোচ সবসময় আমাকে সহযোগিতা করেন।’
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে তিনি বলেন, ‘মাস্টার্স শেষ করে উচ্চশিক্ষার জন্য বিদেশে পিএইচডি করতে যেতে চাই। এ লক্ষ্যে বর্তমানে আমার প্রস্তুতি চলছে।’
এর আগে গত মে মাসে অনুষ্ঠিত ৪৯তম জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতায় ১২ দশমিক ১০ সেকেন্ড সময় নিয়ে ১৭তমবারের মতো দেশের দ্রুততম মানবীর খেতাব অর্জন করেছিলেন শিরিন। এবার নিজের সেই সাফল্যকে ছাড়িয়ে ১৮তমবারের মতো এ গৌরব অর্জন করলেন তিনি।
জাতীয় পর্যায়ে ধারাবাহিক সাফল্যের পাশাপাশি উচ্চশিক্ষাও চালিয়ে যাচ্ছেন যবিপ্রবির এই শিক্ষার্থী। খেলাধুলা ও পড়াশোনা একসঙ্গে এগিয়ে নিয়ে ভবিষ্যতে আন্তর্জাতিক পর্যায়ে আরও সাফল্য অর্জনের প্রত্যাশা করছেন তিনি।




















