সৌদি আরবের রাজধানী রিয়াদ লক্ষ্য করে ইয়েমেনের হুথি বিদ্রোহীদের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশেই প্রতিহত ও ধ্বংস করেছে দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা। শুক্রবার (২৩ অক্টোবর) সৌদি নেতৃত্বাধীন জোটের মুখপাত্র তুর্কি আল-মালিকি এ তথ্য জানিয়েছেন।
সম্ভাব্য ক্ষেপণাস্ত্র হামলার আশঙ্কায় এর আগে রাজধানী রিয়াদের বাসিন্দাদের সতর্ক করে জরুরি বার্তা জারি করে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ। দেশটির জাতীয় আগাম সতর্কতা প্ল্যাটফর্মের মাধ্যমে এ সতর্কবার্তা দেওয়া হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে কর্তৃপক্ষ বাসিন্দাদের জরুরি নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানায়।
এদিকে, সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় নাজরান প্রদেশেও জরুরি সতর্কতা জারি করা হয়েছিল। তবে পরিস্থিতির ঝুঁকি কমে আসায় কয়েক মিনিটের মধ্যেই ওই সতর্কতা প্রত্যাহার করা হয়।
এ ছাড়া দক্ষিণাঞ্চলীয় আভা শহর ও এর আশপাশের খামিস মুশাইত এলাকাতেও জরুরি সতর্কতা জারি করা হয়েছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় সেখান থেকেও বিপদসংকেত তুলে নেওয়া হয় বলে জানিয়েছে সৌদি বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ বাসিন্দাদের নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করার পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকায় ভিড় না করতে এবং ঘটনাস্থলের ছবি বা ভিডিও ধারণ করা থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে।
সূত্র: আল-জাজিরা





















