নড়াইলের নড়াগাতী থানার জয়নগর ইউনিয়নের দেবদুন গ্রামে আরাফাত মোল্যা (৩৮) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) রাত ১২টার দিকে বাড়ির পাশেই এ ঘটনা ঘটে।
নিহত আরাফাত মোল্যা দেবদুন গ্রামের মকিদুল মোল্যার ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে নড়াগাতী থানায় মাদক, চুরি ও ডাকাতিসহ পাঁচটি মামলা রয়েছে।
হত্যাকাণ্ডের কারণ নিয়ে নিহতের পরিবার ও পুলিশের বক্তব্যে ভিন্নতা পাওয়া গেছে। পরিবারের সদস্য ও স্বজনদের দাবি, জমিজমা সংক্রান্ত পূর্ববিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন আরাফাতকে হত্যা করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও স্বজনদের পক্ষ থেকে একই ধরনের দাবি করা হয়েছে।
তবে নড়াগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হোসেন আলী জানান, প্রাথমিকভাবে মাদক বেচাকেনাকে কেন্দ্র করে বিরোধের জেরে হত্যাকাণ্ডটি ঘটেছে বলে জানা গেছে। একই গ্রামের কবির হোসেন, জিসানসহ চার থেকে পাঁচজন এ ঘটনায় জড়িত থাকতে পারে বলে প্রাথমিক তথ্য পেয়েছে পুলিশ।
ওসি বলেন, ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের শনাক্ত করতে তদন্ত চলছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তদন্ত শেষে ঘটনার প্রকৃত কারণ ও জড়িতদের বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।




















