যশোর প্রতিনিধি:
যশোর শহরের কারবালা এলাকার বনবীথি লেনে একটি ছাত্রীনিবাসের ভবন মালিকের বিরুদ্ধে ছাত্রীদের সঙ্গে কুরুচিপূর্ণ কথাবার্তা ও অশোভন আচরণের অভিযোগ উঠেছে। অভিযোগের প্রতিবাদ করায় ছাত্রীদের ভবনের ভেতরে রেখে মূল ফটকে তালা দেওয়ারও অভিযোগ করেছেন তারা।
শনিবার বিকেল থেকে ‘তিন ভাই ভবন’ নামে পাঁচতলা ভবনটিকে ঘিরে এলাকায় আলোচনা শুরু হয়। পরে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়।
ছাত্রী ও তাদের স্বজনদের অভিযোগ, ভবনটির পঞ্চম তলায় বসবাসকারী মালিক আনোয়ার হোসেন বিভিন্ন সময়ে ছাত্রীদের সঙ্গে অসদাচরণ ও অনৈতিক আচরণ করতেন। বিশেষ করে নতুন ছাত্রীদের লক্ষ্য করে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ মন্তব্য করার অভিযোগও করেন তারা। এ ছাড়া বিভিন্নভাবে ছাত্রীদের জিম্মি করে রাখার চেষ্টা করা হতো বলেও অভিযোগ রয়েছে।
অভিযোগের প্রতিবাদে ছাত্রীরা সরব হলে একপর্যায়ে আনোয়ার হোসেন ক্ষিপ্ত হয়ে ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন বলে অভিযোগ করেন শিক্ষার্থীরা। পরে তারা বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে ঘটনাটি ছড়িয়ে পড়ে।
রাত ৮টার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে আনোয়ার হোসেনের স্ত্রী মূল ফটকের তালা খুলে দেন। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে আনোয়ার হোসেন সেখান থেকে চলে যান বলে জানা গেছে।
কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) কবির হোসেন বলেন, ছাত্রী ও অভিভাবকদের কাছ থেকে ভবন মালিকের বিরুদ্ধে বিভিন্ন সময়ে কুরুচিপূর্ণ কথাবার্তা ও অশোভন আচরণের অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদ করায় তিনি গেটে তালা দেন বলে অভিযোগ করা হয়েছে। পরে ছাত্রীরা একত্র হয়ে প্রতিবাদ শুরু করেন। পুলিশ ঘটনাস্থলে গেলে ভবন মালিকের স্ত্রী তালা খুলে দেন। তবে আনোয়ার হোসেনকে ঘটনাস্থলে পাওয়া যায়নি।
ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। অভিযোগের বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে কি না, তা নিয়ে সংশ্লিষ্টদের মধ্যে আলোচনা চলছে।





















