যশোরে ১৫ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে নিজ ঘরে নিয়ে ছুরির ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগে তারেক মোল্লা (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর দাদা বাদী হয়ে অভয়নগর থানায় মামলা দায়ের করেছেন। আটককৃত তারেক অভয়নগর উপজেলার বর্ণি গ্রামের মৃত আরজান মোল্লার ছেলে।
গত শুক্রবার রাতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। শনিবার আদালতে সোপর্দ করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
মামলা সূত্রে জানা যায়, অভিযুক্ত তারেক মোল্লা দীর্ঘদিন ধরে ওই মাদ্রাসাছাত্রীকে উত্ত্যক্ত এবং অনৈতিক কুপ্রস্তাব দিয়ে আসছিলেন। এতে রাজি না হওয়ায় নানা সময়ে ভয়ভীতি দেখাতেন তিনি। গত ১৮ সেপ্টেম্বর বাড়ির পাশের দোকানে যাওয়ার সময় তারেক আরও কয়েকজনের সহযোগিতায় জোরপূর্বক ওই শিক্ষার্থীকে তুলে নিজ ঘরে নিয়ে যান। সেখানে তাকে ছুরির ভয় দেখিয়ে ধর্ষণ করা হয় এবং বিষয়টি কাউকেও জানালে মেরে ফেলার হুমকি দেওয়া হয়।
পরবর্তীতে ভুক্তভোগী শিক্ষার্থী বিষয়টি স্বজনদের জানালে পরিবারের পক্ষ থেকে পুলিশকে অবহিত করা হয়। ঘটনার প্রাথমিক সত্যতা যাচাইয়ের পর পাথালিয়া পুলিশ ক্যাম্পের এসআই আশরাফুল আলম অভিযান চালিয়ে মূল অভিযুক্ত তারেককে আটক করেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আসামিকে বিচারে আদালতে পাঠানো হয়েছে।





















